
শামীম-উল-আলম, মুন্সিগঞ্জ প্রতিনিধি : আজ ২০২৪ সালের ১লা জানুয়ারি। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং এবতেদায়ি ও দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে বই বিতরণ করা হয়। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছিল লক্ষণীয়।
সরেজমিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে নতুন বই নিয়ে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে মেতে উঠতে দেখা যায়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক জ্বনাব মোঃ আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক জ্বনাব মোঃ রিফাত ফেরদৌস মুন্সিগঞ্জ সদরে অবস্থিত নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন। এরপর একে একে মুন্সিগঞ্জ সদরে অবস্থিত বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বই উৎসবে অংশ নেন। এ সময় তাঁকে সঙ্গ দেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ রিফাত ফেরদৌসসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে একই জেলার সিরাজদিখান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একই চিত্র দেখা যায়। উপজেলার ইউএনও সাব্বির আহমেদ, উপজেলা সহকারি ভূমি কমিশনার উম্মে হাবিবা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাকটর নাদিরা আফরোজ, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তির উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল প্রতিটি শিক্ষাঙ্গনে।

ইছাপুরা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজ, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়, নাহিদ আলম খান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা যায় অনাবিল আনন্দ আর উচ্ছ্বাস।

বক্তারা তাঁদের শিক্ষা জীবনে বইয়ের দুষ্প্রাপ্যতার কথা উল্লেখ করে বলেন, তাঁদের সময়ে নতুন বছরের শুরুতে এভাবে নতুন বই পাওয়া তো দূরের কথা, ক্লাস শুরুর ২-৩ মাস পরেও অনেক সময় পুরাতন বই যোগাড় করে পড়তে হত। বর্তমান সরকার, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এখন এভাবে উৎসবের আয়োজন করে বছরের প্রথম দিনেই প্রতিটি শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেয়ার জন্যে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, NCTB-সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

এ সময় তাঁরা নতুন শিক্ষা কারিকুলামেরও ভূয়সী প্রশংসা করে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রস্তুত হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
