
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী বৃষ্টি সরকার। বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এমএম টাওয়ারের (উকিল বাড়ি) ভবনে নিজ কক্ষ থেকে তার মৃত দেহ উদ্ধার করা হয়। বুধবার রাতে তার লাশ উদ্ধার করে নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। নিহতের বন্ধুদের সূত্রে জানা গেছে, প্রেমঘটিত ব্যাপারে আত্মহননের পথ বেছে নিতে পারেন এই শিক্ষার্থী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.মোঃ আবদুল কাইউম বলেন, খবর পেয়ে ভিসি স্যারসহ আমরা হাসপাতালে আসি। আমাদের ছাত্রীকে এখানে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। লাশ পরিবারকে বুঝিয়ে দেবার বিষয়টি প্রক্রিয়াধীন।
মৃত বৃষ্টির একাধিক বন্ধু নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে জানান, কয়েকদিন যাবৎ প্রেমিকের সঙ্গে মনোমালিন্য ছিল তার। আজ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত নিজ মেসে সিলিঙের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। মেসের অন্যান্য সদস্যরা রুম ভিতর থেকে আটকানো দেখে কয়েকবার ডাকাডাকি করে। ভিতর থেকে কোন সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তারা জানান, আসলে কী কারণে আত্মহত্যা করতে পারে সে বিষয় অজানা। তবে প্রেমঘটিত বিষয়ে ডিপ্রেশন থেকে হতে পারে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর মুকুল জানান, আত্মহত্যার ঘটনা শুনেছি। তাকে কেউ প্ররোচিত করেছে কিনা কিংবা এ ঘটনা ঘটাতে বাধ্য করেছে কিনা সে ব্যাপারে তদন্ত চলছে। পুলিশ সদস্যরা ইতোমধ্যে ঘটনাস্থল এবং হাসপাতালে গিয়েছে। পরিবার মামলা দিতে চাইলে মামলা গ্রহণ করা হবে এবং তৎপরবর্তী ব্যবস্থা নেয়া হবে।