দেশ

দেশ

তানোরে সাংবাদিকের বাড়িতে হামলা, থানায় অভিযোগ

রাজশাহীর তানোর উপজেলায় কর্মরত তরুণ সাংবাদিক সোহানুল হক পারভেজের বাড়িতে হামলা চালিয়েছে দূর্বৃত্তরা।

বুধবার (১৭ জানুয়ারি)  দুপুর ১২টা ৩০ মিনিটে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন একদল সন্ত্রাসী।

সাংবাদিক সোহানুল হক পারভেজ তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকায় কর্মরত উপজেলা প্রতিনিধি। এছাড়াও তিনি দৈনিক কলম যোদ্ধা ও দৈনিক উপচার পত্রিকায় কাজ করেন।

ঘটনা সুত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুপরিকল্পিতভাবে সাংবাদিক পারভেজের বাসায় হামলা ও ইটপাটকেল নিক্ষেপ এবং হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্রসজ্জিত ব্যক্তিরা জোরপূর্বক অনুপ্রবেশ করে মারধর করেন। মারধরে বাসায় রঙ করা মিস্ত্রিসহ সাংবাদিক ও তার মা আহত হন।

হামলাকারীরা হলেন- তানোর পৌর সদর এলাকার ঠাকুর পুকুর গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র বাপ্পি (২৭), একই এলাকার মৃত আবেদ আলীর ছেলে রুবেল, বাপ্পির স্ত্রী রিতা খাতুনসহ মিজান, রোজিনা, রেশমা, তৌফিক।

এ বিষয়ে সাংবাদিক পারভেজ বলেন, আমার বাসায় রঙ করা হচ্ছিলো। এসময় প্রতিদিনের ন্যায় আমার বাসায় ধুমা (চুলার ধোঁয়া) প্রবেশ করায় রঙ করা মিস্ত্রিদের সমস্যা হচ্ছিলো। এ ঘটনায় তাদের ধুমা বন্ধ করতে বললে তারা ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়। আমি তৎক্ষণাৎ থানা পুলিশকে জানিয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গেছে। পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। আইনের প্রতি আমার আস্থা আছে। পুলিশ তদন্তপূর্বক ব্যবস্থা নিবে বলে আমি আশাবাদী। সন্ত্রাসীদের মধ্যে তৌফিক, বাপ্পি, মিজান এলাকায় চিহ্নিত মাদক কারবারি। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তারা আগে থেকেই আমার উপর ক্ষিপ্ত ছিলেন। এই সুযোগে তারা হামলা চালিয়েছেন। আমরা তাদের হামলায় আহত হয়েছি। প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে থানায় অভিযোগ দিয়েছি।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এ ঘটনায় পুলিশ পাঠিয়েছিলাম। লিখিত অভিযোগ পেয়েছি। আসামিদের আটকের চেষ্টা চলছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত