
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিষিদ্ধ জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। র্যাব-১০ এর মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর উপপরিচালক আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) মধ্যরাত আনুমানিক ৩:০০টা থেকে সকাল ১০:৩০টা পর্যন্ত র্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী সিটি কর্পোরেশন মার্কেটের শাক-বাজার মাছের আড়তে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় জেলা মৎস্য অধিদপ্তর-এর সহকারী প্রকল্প কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত উল্লিখিত এলাকায় জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪ জন মাছ ব্যবসায়ীকে সর্বমোট ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানার শাস্তি প্রদান করেন। যার মধ্যে মোঃ শামীম হোসেনকে (৩৭) নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, মোঃ সবুর গাজীকে (৩০) নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার), ওতুল কৃষ্ণ দাসকে (২৪) নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) এবং মোঃ আবু বক্করকে (৪০) নগদ- ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা করে জরিমানার শাস্তি দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট-এর নির্দেশে উক্ত ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৬,৩০,৫০০/- (ছয় লক্ষ ত্রিশ হাজার পাচঁশত) টাকা মূল্যের ১১৭০ কেজি জাটকা ইলিশ ও ৬৫ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করে এবং জব্দকৃত জাটকা ইলিশ বিনামূল্যে এতিমখানায় দান করে এবং জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করে।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা জাটকা ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি সংরক্ষণ এবং বিক্রয় করে আসছিল।