জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

একুশে পদক পাচ্ছেন ২১ বিশিষ্ট নাগরিক

সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে চলতি বছরের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবার ভাষা আন্দোলন ক্যাটাগরিতে ২ জন, শিল্পকলায় ১১ জন, ভাষা সাহিত্যে ৪ জন, মুক্তিযুদ্ধ ও শিক্ষায় ১ জন করে এবং সমাজসেবায় ২ জন একুশে পদক পাবেন।

ভাষা আন্দোলন ক্যাটাগরিতে মরণোত্তর একুশে পদক পেয়েছেন মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া। শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে ১১ জন হলেন— সংগীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব। অভিনয়ে ডলি জহর ও এমএ আলমগীর, আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী, নৃত্যকলায় শিবলী মোহাম্মদ এবং চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী, সমাজসেবায় দু’জন হলেন— মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ ও শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু।

এছাড়া ভাষা ও সাহিত্যে পদকপ্রাপ্ত ৪ জন হলেন— মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ (মরণোত্তর)।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত