
চার মাস পর নওগাঁর পোরশা উপজেলার সমনগর উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক মোঃ মোকসেদ আলী (৫০)-এর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ দুপুর ১২:৩০ মিনিটে স্থানীয় দেওপুরা কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান।
জানা যায়, অফিস সহায়ক মোকসেদ আলী গত বছরের ৭ নভেম্বর দিবাগত রাত্রে মারা যান। পরিবারের পক্ষ থেকে জানানো হয় তিনি স্ট্রোকজনিত কারণে মারা গিয়েছেন। সে কারণে যোহরের নামাজের পরে সমনগর মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে কবর দেওয়া হয়েছিল। এর কিছুদিন পর তার বোন সাপাহার উপজেলার মা মরিয়া গ্রামের শফি উদ্দিনের স্ত্রী তার ভাইয়ের মৃত্যুকে স্বাভাবিক নয় দাবি করে নওগাঁ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন এবং মোকছেদের স্ত্রী আমেনা জান্নাত ও নূর মোহাম্মদের ছেলে মিজানুর রহমান ও লোকমানের ছেলে রহমত আলীকে আসামি করেন। মামলার পরিপ্রেক্ষিতে স্থানীয় থানা পুলিশ মিজানুর রহমান ও ওই গ্রামের লোকমানের ছোট ছেলেকে আটক করে জেল হাজতে প্রেরণ করে এবং মোকসেদের স্ত্রী ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে শুনানি শেষে মোকসেদ আলীর লাশ কবর থেকে তুলে ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন।
ফলে আদালতের আদেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
এ সময় সাপাহার সার্কেল সহকারি পুলিশ সুপার এম এম সবুজ রানাসহ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।