দেশ

দেশ

ঝিনাইদহের সুজন হত্যা মামলার আসামি ইকবাল গ্রেফতার

ঝিনাইদহ জেলার মহেশপুর এলাকায় চাঞ্চল্যকর সুজন হত্যা মামলায় জড়িত পলাতক অন্যতম প্রধান আসামি ইকবালকে রাজধানীর মিরপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ এর গণমাধ্যম শাখা থেকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টায় র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মিরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মামলা নং-১২, তারিখ-১২/০১/২০২৪ খ্রি.; ধারা-দণ্ডবিধি আইন ১৮৬০ এর ১৪৩/৩৪২/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ সংযোজন দণ্ডবিধি-১৮৬০ এর ৩০২; চাঞ্চল্যকর সুজন (৩০) হত্যা মামলায় জড়িত পলাতক এজাহার ভুক্ত আসামি মোঃ ইকবাল হোসেন (২৯), পিতা-মোঃ গোলাম হোসেন, সাং-মির্জাপুর মান্দারতলা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহকে গ্রেফতার করে।

মামলার বিবরণে জানা যায়, নিহত মোঃ সুজন (৩০) পেয়ারা ব্যবসার সাথে জড়িত। গত ১১/০১/২০২৪ তারিখে সুজনের সাথে আসামি ইকবালসহ অপরাপর আসামিদের সাথে পেয়ারা ব্যবসার দামদর নিয়ে বিরোধ সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে ঘটনার দিন রাত ১০:১০টার সময় আসামি ইকবাল অন্য আসামিদের সহায়তায় সুজনকে কৌশলে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার মির্জাপুর মান্দারতলা গ্রামের একটি মেহগনি বাগানে ডেকে নিয়ে যায়। ভিকটিম সুজন মেহগনি বাগানে পৌঁছা মাত্র পূর্ব থেকে ওঁত পেতে থাকা আসামিরা সুজনকে একটি মেহগনি গাছের সাথে বেঁধে ফেলে। এরপর আসামি ইকবালসহ অপরাপর আসামিরা লোহার পাইপ এবং সুচালো বর্ষা দিয়ে ভিকটিম সুজনকে গুরুতর জখম করে এবং এলোপাথারি পিটিয়ে হাত পা ভেঙ্গে ফেলে। এরপর ভিকটিমের পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, যশোরে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত হত্যাকাণ্ডের পর থেকে নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকার মিরপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত