অর্থ ও বাণিজ্য

অর্থ ও বাণিজ্য

মিরপুরে জমে উঠেছে ঈদ আনন্দমেলা, শুক্রবার শেষ দিন

রাজধানীর মিরপুর ৬০ ফিট রোডে চলছে জমজমাট ঈদ আনন্দ মেলা। সেখানে ইফা কনভেনশন সেন্টারের সুবিশাল পরিসরে গত বুধবার সকাল ১০টায় শুরু হয়েছে ৩ দিন ব্যাপী এই মেলা। দেশীয় পণ্যের প্রতিষ্ঠান শিল্পপুরাণ এবং আরশিনগরের আয়োজনে তিরিশ জন এসএমই উদ্যোক্তা তাদের বৈচিত্র্যময় পণ্যের পসরা সাজিয়ে বসেছেন এখানে।

মেলায় শাড়ি, নানারকম গহনা, হিজাব, বিভিন্নরকম পোশাক, পিঠাপুলিসহ বিভিন্ন খাবার, ঘর সাজানো পণ্য, বই, স্টেশনারিজসহ ঈদ এবং বৈশাখের নতুন সব সংগ্রহ পাওয়া যাচ্ছে। মেলার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার আশেপাশের বিভিন্ন এলাকা থেকে দশনার্থী ও ক্রেতারা এসেছেন তাদের পছন্দের কেনাকাটা করার জন্য। বড়দের প্রয়োজনীয় এবং সৌখিন পণ্যের পাশাপাশি এখানে ছবি আঁকার প্রয়োজনীয় সরঞ্জাম থাকায় শিশুদের বেশ আগ্রহ দেখা গিয়েছে। ক্রেতা দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করেছে বাঁশ-বেতের পণ্য, অর্গানিক শাক-সবজি শুকিয়ে প্রকৃয়াজাতকৃত করা খাবারসহ বিভিন্নরকম হোম-মেড খাদ্যসামগ্রী।

এখানে অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, নিজেদের ব্র্যান্ডকে সরাসরি গ্রাহকের কাছে পরিচিত করার সুযোগ তৈরিতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি নতুন এবং পুরনো উদ্যোক্তারা এক ছাদের নিচে মেলায় অংশ নেওয়ায় পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও এখানে পাওয়া যাচ্ছে।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, মিরপুর ৬০ ফিট রোডে এরকম মেলা এই প্রথম দেখছেন তারা। তাই মেলায় এসে তারা বেশ আনন্দিত। তারা আশাবাদ ব্যক্ত করেন, এরকম মেলা এই এলাকায় আরও হবে এবং কমপক্ষে সাতদিন ব্যাপী মেলা হলে সবার জন্য আসার সুযোগ হবে এবং পছন্দের পণ্য সংগ্রহ করতে পারবেন।

শিল্পপুরাণের ব্যবস্থাপনা পরিচালক ফারজানা খানম জিতু বলেন, আমরা সবসময় চাই সম্মিলিতভাবে এগিয়ে যেতে। সেই লক্ষ্যেই শিল্পপুরাণ এবং আরশিনগর যৌথভাবে বিভিন্ন মেলার আয়োজন করে থাকে। এবার যেহেতু ঈদ এবং পহেলা বৈশাখ খুব কাছাকাছি সময়ে, তাই আমরা চেয়েছি রোজার আগেই উদ্যোক্তাদের ঈদ এবং বৈশাখকে উপলক্ষ করে প্রস্তুতকৃত পণ্যগুলো ক্রেতাদের কাছে পৌঁছানোর একটা ব্যবস্থা হোক।

তিনি আরও জানান, ৮ই মার্চ নারী দিবস উপলক্ষ্যে মেলায় নারী উদ্যোক্তাদের জন্য স্টল ভাড়ায় বিশেষ ছাড় দেয়া হয়েছে।

আরশিনগরের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শোয়েব জানান, তিনদিনের মেলায় প্রতিদিনই থাকছে শিশুদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা। প্রথম দিনে ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ। এই দিন শিশুরা আবৃত্তি প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ এবং দেশ নিয়ে লেখা কবিতা পরিবেশন করেছে। শুক্রবার সন্ধ্য ৬টায় অনুষ্ঠিত হবে ‘মনের মতো সাজি’ প্রতিযোগিতা।

তিনি আরও জানান, রাত ৯টায় এসব প্রতিযোগিতার ফলাফল ঘোষণা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে এবং রাত সাড়ে ৯টায় হবে লাকি কুপন ড্র।

ঈদ আনন্দমেলার মিডিয়া পার্টনার হিসেবে আছে সমকাল, উদ্যোক্তা বার্তা, এবং রোজকার খবর।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত