
রাজধানীর মতিঝিল এলাকা হতে ৬১ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সহকারী পুলিশ সুপার ও র্যাব-১০ এর গণমাধ্যম শাখার উপপরিচালক এম.জে সোহেল এই খবর নিশ্চিত করেছেন।
গত ১৯ মার্চ রাতে র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে ৬১ (একষট্টি) গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের নাম- ১। মোছাঃ মিম রেজা (২৪), স্বামী-মোঃ আব্দুস সালাম, সাং-হাবাশপুর, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী ও ২। মোছাঃ রাবেয়া বেগম (৫৫), স্বামী-মোঃ আক্তার হোসেন, সাং-লস্কর দীঘিরপাড়, থানা-টংগীবাড়ী, জেলা-মুন্সিগঞ্জ বলে জানা যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।