দেশ

দেশ

ভুয়া ম্যাজিস্ট্রেট মুক্তা পারভিন গ্রেফতার

হাইকোর্টের ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণাকারী মুক্তা পারভিনকে রাজবাড়ীর সদর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব। সহকারী পুলিশ সুপার ও র‌্যাব-১০ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচোলক এম.জে. সোহেল গণমাধ্যমকে দেয়া খবরে নিশ্চিত করেছেন।

গণমাধ্যমকে দেয়া খবরে তিনি বলেন, বেশ কিছুদিন যাবৎ রাজশাহীর বোয়ালিয়াসহ বিভিন্ন এলাকায় একটি সংঘবন্ধ প্রতারক চক্র নিজেদেরকে কখনও হাইকোর্টের ম্যাজিস্ট্রেট কখনও ডিজিএফআই-এর মেজর ইত্যাদি পরিচয় দিয়ে সহজ সরল ও নিরীহ লোকজনদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছিল। চক্রটি রাজশাহী জেলার চন্দ্রিমা থানাধীন ছোটবনগ্রাম এলাকার শেখ আব্দুল্লাহ (৩৭), পিতা-মৃত ইমাম শেখের নিকট হতে বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে সর্বমোট ১,২০,০০,০০০/- (এক কোটি বিশ লক্ষ) টাকা হাতিয়ে নেয়। একপর্যায় ভিকটিম শেখ আব্দুল্লাহ বুঝতে পারেন যে তিনি প্রতারণর শিকার হয়েছেন। পরবর্তীতে ভিকটিম শেখ আব্দুল্লাহ বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণাকারী চক্রের অন্যতম মূল হোতা মুক্তা পারভিনসহ ০৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ১৭০/৪২০/৪০৬/৪৬৭/৪৬৮/৫০৬/৩৪ ধারায় একটি প্রতারণার মামলা দায়ের করেন (মামলা নং-০৩, তারিখ- ০৩/০৩/২০২৪ইং)। মামলা দায়েরের বিষয়টি জানতে পেরে চক্রটির সকল আসামিরা আত্মগোপনে চলে যায়। ঘটনার বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি দল ভুয়া ম্যাজিস্ট্রেটসহ প্রতারক চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ১লা এপ্রিল দুপুর ১৪:১৫ টায় র‌্যাব-১০ এর উক্ত দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলার সদর এলাকায় একটি অভিযান পরিচালনা করে হাইকোর্টের ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণাকারী চক্রের অন্যতম মূল হোতা, পলাতক আসামি মুক্তা পারভিন (৩১), পিতা-মোঃ মোজাহারুল ইসলাম, সাং-লোদীপুর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি প্রতারণাকারী চক্রের অন্যতম মূল হোতা বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা রয়েছে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত