
সাতক্ষীরায় সীমান্ত থেকে ৯ পিস স্বর্ণের বারসহ আমজাদ হোসেন খোকন (৫০) নামে এক চোরাকারীকে আটক করেছে বিজিবি।
বুধবার (৩ এপ্রিল) সকালে তাকে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় এলাকা থেকে আটক করা হয়। আটক হওয়া আমজাদ হোসেন একই এলাকার মৃত মাজেদ মোল্যার ছেলে।
বুধবার সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, চোরাকারবারি ভারতে পাচারের জন্য সোনা নিয়ে কালিয়ানি সীমান্ত এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে বৈকারি ক্যাম্পের সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে এক দল সেখানে অভিযান চালায়। ওই সময আমজাদ হোসেনকে একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে মটরসাইকেলের ভিতর থেকে ৯ পিস স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ৪৪ গ্রাম।
তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় চোরাচালান আইনে একটি মামলা হয়েছে। এছাড়া পাচারকাজে ব্যবহৃত (হিরো হাঙ্ক) মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।