
উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ আসন্ন। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী দ্বিতীয় ধাপে মে মাসের ২১ তারিখ অনুষ্ঠিত হবে নওগাঁর পোরশা উপজেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য ১৪ জন পুরষ ও ৬ জন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রচারণা ও পোস্টার টাঙ্গানোর মাধ্যমে নিজের প্রার্থীতার কথা প্রকাশ করেছেন উপজেলার জনগণের কাছে। সকলের কাছে দোয়া কামনা করেছেন তারা।
তবে নির্বাচনী জামানতের পরিমাণ ৭৫হাজার টাকা করায় প্রার্থীদের কেউ কেউ নড়ে চড়ে বসছেন। আবার অনেকে নির্বাচনী মাঠে নাও থাকতে পরেন বলে ধারণা করা হচ্ছে।
এবারের উপজেলা নির্বাচনে বিএনপি’র কোন প্রার্থী না থাকায় প্রার্থীদের মধ্যে প্রায় সবাই উপজেলার আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য এবং অনেকেই বয়সে তরুণ। পুরো রমজান মাসে তারা দিন-রাত নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
৬ ইউনিয়নের এ উপজেলায় সর্বশেষ তথ্য অনুযায়ী ভোটার সংখ্যা প্রায় ১ লক্ষ ৮ হাজার। এ উপজেলায় বর্তমান ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক কাজীবুল ইসলাম। এবারও তিনি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন বলে জানিয়েছেন। তাছাড়া জনগণের মাঝে তার জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে বলে জানা যায়। বর্তমান যুবলীগ সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান খোকন নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জোরেসোরে। সাবেক ছাত্রনেতা তৈয়ব আলী নির্বাচনে অংশগ্রহণের জন্য ভোটারদের দারে দারে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, করেছেন পোস্টারিং। ছাত্রজীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে রেখে বেশ পরিচিতি লাভ করেছেন। উপজেলা আদিবাসী পরিষদের সাবেক সভাপতি ও উপজলা আওয়ামী লীগের সহসভাপতি মাহিন্দ্র পাহান ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রচার-প্রচারণায় মাঠে রয়েছেন। বর্তমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল সরদার ও সাবেক সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম আওয়ামী রাজনীতির সদস্য হওয়ায় মাঠে রয়েছেন দু’জনই। এছাড়াও ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন যুবলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী, যুবলীগ নেতা মহশীন আলী, ছাত্রলীগ নেতা মাইমুল ইসলাম শাহ্, আব্দুল করিম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মেল হক ও সমাজসেবক মাসুম বিল্লাহ্, জামায়াত নেতা সাগর আলী ও মুসা আলী তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা মহিলা লীগ সভাপতি নাসিমা বেগম, সাধারণ সম্পাদক অনামিকা সুইটি, যুব মহিলা লীগ সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমীন, মহিলা লীগ নেত্রী শরিফা বেগম ও ফাতেমা খাতুন নিজনিজ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গণসংযোগের রাস্তায় নিজের পক্ষে জনমত গড়তে থেমে নেই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। সকাল-সন্ধ্যা ছুটছেন ভোটারদের দ্বারেদ্বারে, চাইছেন দোয়া ও সমর্থন।
এদিকে রাতের অন্ধকারে ভোট চাইতে গিয়ে মাইনুর রহমানের মোটরসাইকেল ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়েছেন বলেও খবর পাওয়া গেছে। এরপরও তিনি মাঠে আছেন বলে জানিয়েছেন সবাইকে।