
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের বিভিন্ন চর থেকে উদ্ধার হওয়া আরও ৩১টি মৃত হরিণ শনিবার (১ জুন) মাটিচাপা দিয়েছেন বনরক্ষীরা। এর ফলে রেমালের পরে মোট ১২৭টি হরিণের মৃতদেহ উদ্ধার ও মাটিচাপা দেওয়া হয়েছে।
এর আগে ঝড়ের পর থেকে বুধবার পর্যন্ত বনের বিভিন্ন চর থেকে ৯৬টি মৃত হরিণ ও ৪টি মৃত শূকর উদ্ধার করা হয়। এ নিয়ে ঘূর্ণিঝড় রেমালের পরে সুন্দরবন থেকে ১২৭ মৃত হরিণসহ ১৩১ মৃত বন্যপ্রাণি উদ্ধার করল বন বিভাগ।
এছাড়া জীবিত ও আহত অবস্থায় ১৮টি হরিণ ও একটি অজগর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে বলেন, ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সুন্দরবনের অনেক ক্ষতি হয়েছে। জোয়ার-জলোচ্ছ্বাসের পানিতে সুন্দরবনের বেশিরভাগ অংশ প্লাবিত হয়েছে। মিষ্টি পানির পুকুরগুলো সব লবণ পানিতে প্লাবিত হয়েছে। ঝড়ের পরে বনের কটকা, কচিখালী, করমজল, পক্ষীরচর, ডিমেরচর, শেলারচর, নারিকেলবাড়িয়াসহ বিভিন্ন এলাকা থেকে ১২৭ মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।