জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিল, ৪৫ ও ৪৬তম ফলাফল পুনর্মূল্যায়ন

সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ৪৫ ও ৪৬তম বিসিএসের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে কমিশন। সোমবার (১৮ নভেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবনিযুক্ত চেয়ারম্যান ও আট সদস্যের উপস্থিতিতে কমিশনের এক সভায় ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসসহ বিভিন্ন নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সন্দেহজনক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

৪৪তম বিসিএস
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১,৭৩২ জন প্রার্থীর জন্য নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পিএসসি জানিয়েছে, শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।

৪৫তম বিসিএস
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার উত্তরপত্র তৃতীয় পরীক্ষকের মাধ্যমে পুনর্মূল্যায়ন করা হবে। এতে পরীক্ষার মান যাচাইয়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে।

৪৬তম বিসিএস
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০,৬৩৮ জন প্রার্থীর সঙ্গে আরও সমান সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করে নতুন ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নন-ক্যাডার পরীক্ষা
বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে অনুষ্ঠিত নন-ক্যাডার পরীক্ষার বিষয়েও পিএসসি আলোচনা করছে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

পিএসসি জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং সব ধরনের প্রক্রিয়া পুনর্মূল্যায়ন করা হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত