
চট্টগ্রামে আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৩১ জনের নামে করা মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাতে সাইফুলের বাবা জালাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ হত্যা মামলা করেন।
এছাড়া আদালত এলাকায় হামলার ঘটনায় খানে আলম নামে একজন বাদী হয়ে আরেকটি মামলা হয়েছে। দণ্ডবিধি এবং বিস্ফোরক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়েছে। এ মামলা ১১৬ জনকে আসামি করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার রাতে দুটি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় যাচাই-বাছাই করে আসামি করেছি। এ ঘটনায় আরও ৩টি মামলা হয়েছিল।’
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে। পরদিন মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এটি নিয়ে বিক্ষোভ করেন ইসকন অনুসারীরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা।
একপর্যায়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম কনভেনশন হলের গলিতে বিক্ষোভকারীদের হাতে খুন হন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তিনি চট্টগ্রাম আদালতের আইনজীবী ছিলেন।
ডিআর/এস