গণমাধ্যম, নির্বাচিত, লিড নিউজ

গণমাধ্যম, নির্বাচিত, লিড নিউজ

সাংবাদিক মুন্নী সাহা আটক

‘এক টাকার খবর’র সম্পাদক মুন্নী সাহাকে আটক করেছে পুলিশ। রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে মুন্নী সাহাকে আটক করে তেজগাঁও থানায় দিয়েছে জনতা। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

মুন্নী সাহাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি বলেন, ‘জনতা ওই নারী সাংবাদিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।’ পরে তেজগাঁও থানা থেকে মুন্নী সাহাকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করীম মল্লিক গণমাধ্যমকে বলেন, মুন্নী সাহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটক রাখা হচ্ছে।

জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারে ‘এক টাকার খবরে’র অফিস থেকে বের হয়ে সবজি কিনতে যান মুন্নী সাহা। সেখানে গিয়ে তিনি জনতার তোপের মুখে পড়েন। বেশকিছুক্ষণ তাকে ঘিরে রাখা হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তেজগাঁও থানা পুলিশ তাকে হেফাজতে নেয়।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সংবাদমাধ্যমকে বলেন, কারওয়ান বাজারস্থ আইসিটি বিভাগের ভিশন-২০২১ টাওয়ারের (সাবেক জনতা টাওয়ার) সামনে সবজি কিনছিলেন মুন্নী সাহা। এসময় তাকে চিনতে পেরে একদল লোক বিক্ষুব্ধ হয়ে তার ওপর চড়াও হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় তেজগাঁও থানা পুলিশ। পরে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের মামলায় আসামি মুন্নী সাহা।

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।