
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থান থেকে মাদকদ্রব্যসহ ৩ ব্যবসায়ীকে আটক করে বিজিবি। সোমবার (৩ ডিসেম্বর) ৫০ বিজিবির অধীনস্ত বুজরুক বিওপির টহলদল তাদের দায়িত্বপূর্ণ এলাকায় উল্লিখিত ৩ জনকে মাদকদ্রব্য ও ২টি মোটরসাইকেলসহ আটক করে বলে জানা যায়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ওই দিন দুপুরে বুজরুক বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৬২ হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিপুর উপজেলার বুজরুক বালুর চর নামক স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ৭০ বোতল ফেনসিডিল ও ২টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করে। আটককৃতরা হলেন- হরিপুর উপজেলার চৌরঙ্গী বাজারের আমানুল্লাহর ছেলে মো: হোসেন আলী (৪২), একই উপজেলার বীরগর গ্রামের মো: সাইফুদ্দিনের ছেলে মো: এনামুল (৪০) ও একই উপজেলার পাহাড়গাঁও গ্রামের মো: জেনারুলের ছেলে মো. মনসুর আলী (৩৫)। পরবর্তীতে আটককৃতদের মাদকদ্রব্য ও মটরসাইকেলসহ হরিপুর থানায় হস্তান্তর করা হয়।