
পোরশায় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার গাংগুরিয়া বাজারে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পোরশা থানা ইনচার্জ মো. শাহিন রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘এলাকার বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, মাদক সেবন এবং নেশাজাত দ্রব্যের বিক্রি বেড়ে গেছে। এর ফলে সমাজের তরুণ-যুবকরা নেশার পথে চলে যাচ্ছে। যদি এটি চলতে থাকে, তবে আমাদের আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সবার উচিত সতর্ক দৃষ্টি রাখা।’
তিনি আরও বলেন, ‘নেশা সেবনকারী এবং নেশাজাত দ্রব্য বিক্রেতাদের শনাক্ত করে পুলিশের সহায়তায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যাতে তারা আর নেশা বিক্রি না করতে পারে এবং তরুণ সমাজ নেশার দিকে না ঝোঁকে।’
সমাবেশে উপস্থিত সবাই তার বক্তব্যের সাথে একমত পোষণ করেন। শেষে, থানা ইনচার্জের নেতৃত্বে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সাথে একটি পুলিশিং কমিটি গঠন করা হয়, যাতে তারা পুলিশকে সহযোগিতা করতে পারে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখতে পারে।