
সিলভিয়া শুরু করেছিলেন মূলত দেশীয় জুয়েলারি নিয়ে। তবে, পরবর্তীতে তিনি দেশীয় জুয়েলারির পাশাপাশি কিছু ভারতীয় জুয়েলারি এবং বিদেশ থেকে আমদানি করা লেডিস ব্যাগও তার পণ্য পরিসরে যুক্ত করেন।
তিনি মনে করেন, প্রতিটি ব্যক্তির জীবনে সঠিক ‘প্রায়োরিটি’ ঠিক করা উচিত। যে কাজটি তাকে আনন্দ দেবে, যেটি তার নিজস্ব পরিচয় দেবে এবং তার সম্মান বাড়াবে, এমন কাজই তার বেছে নেওয়া উচিত। প্রত্যেকেই চায় নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে। একজন উদ্যোক্তা হিসেবে নিজের পরিচয় তৈরি করতে চেয়েছেন সিলভিয়া।
বাবা-মায়ের সবচেয়ে ছোটমেয়ে হিসেবে একটু বেশি আদর পেয়েছেন সিলভিয়া। ছোটবেলা থেকেই যা চেয়েছেন, তা তিনি পেয়েছেন। পড়াশোনায় মোটামুটি ভালো ছিলেন। সেই সঙ্গে শখের বশে কিছু টিউশনি করতেন। তবে, ছোটবেলা থেকে তার ক্যারিয়ার নিয়ে তেমন কোনো স্বপ্ন ছিল না। আরও অনেকের মতো কোনো নির্দিষ্ট চাকরির দিকে ঝোঁক ছিল না। বরং তিনি চেয়েছিলেন এমন কিছু একটা করতে, যা অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে।
২০১৯ সালের ১৪ই সেপ্টেম্বর, সিলভিয়া ব্যবসা করার সিদ্ধান্ত নেন। তবে তার জন্য পণ্য নির্বাচন করা ছিল বড় একটি চ্যালেঞ্জ। তিনি মনে করেন, ব্যবসা এমন পণ্য নিয়ে করা উচিত যার সম্পর্কে পর্যাপ্ত ধারণা থাকে এবং বাজারে তার চাহিদা বেশি থাকে। একদিন হঠাৎ তার মাথায় আসে জুয়েলারি নিয়ে কাজ করার ধারণা। তিনি জানতেন যে, এটি এমন একটি পণ্য, যার চাহিদা হাজার বছর আগেও ছিল এবং এখনও রয়েছে। নিশ্চিতভাবে ভবিষ্যতেও থাকবে।
সিলভিয়া জানান, তার উদ্যোক্তা হওয়ার পিছনে তার মা, ভাই, বোন এবং স্বামী অনেক সহায়তা করেছেন। তারা আর্থিকভাবে তাকে সহায়তার পাশাপাশি কাজে সমর্থন দিয়েও পাশে থেকেছেন।
একজন নতুন উদ্যোক্তা হিসেবে, সিলভিয়া অনেক কিছু জানতেন না। ফলে নতুন ব্যবসা শুরু করতে গিয়ে স্বাভাবিকভাবেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন। শুরুতে তার মূলধন ছিল মাত্র ৫০০ টাকা। ওই টাকা দিয়ে কিছু জুয়েলারি সংগ্রহ করেন এবং সেগুলোর ছবি তুলে Pot Of Jewellery নামক তার অনলাইন পেইজে পোস্ট করেন। ধীরে ধীরে ভালো মানের পণ্য সংগ্রহের পরিমাণ বাড়াতে থাকেন এবং তার পেইজে মানুষদের আমন্ত্রণ জানান। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা তাকে সহায়তা করেছিলেন। পাশাপাশি সিলভিয়া তার পেইজের প্রচারের জন্য বিভিন্ন গ্রুপে কাজ করতেন।
তবে, সিলভিয়া কাজের শুরুতে আরও এক সমস্যার সম্মুখীন হন। তা হলো একটি নির্ভরযোগ্য ডেলিভারি কোম্পানি খুঁজে পাওয়া। অনেক খুঁজে, অনেক মানুষের সাথে কথা বলে, তার এক বান্ধবীর মাধ্যমে একটি ডেলিভারি কোম্পানি খুঁজে পান। এখনও সেই কোম্পানির সঙ্গে তিনি কাজ করছেন এবং তাদের সার্ভিস ভালো বলে তিনি মনে করেন। ব্যবসার শুরুর সময়, তার অর্ডারের সংখ্যা কম ছিল। ফলে কখনো কখনো সপ্তাহে একটি পার্সেলও পাঠানো হতো না। তবে, তাদের ডেলিভারি কোম্পানি কম পার্সেল হলেও পিক-আপ করতো।
ব্যবসার শুরুর দিকে তার পণ্য বেশিরভাগই অনলাইনে বিক্রি হতো। তবে, হঠাৎ করে করোনা পরিস্থিতি তার ব্যবসায় কিছুটা সমস্যা সৃষ্টি করে। লকডাউনের কারণে সবাই ঘরে বসে অনলাইন ব্যবসায় যুক্ত হয়ে যায়। ফলে তার সেল কিছুটা কমতে থাকে। সিলভিয়া তখন ছোট পরিসরে পণ্য স্টক করতেন। তাই কিছুটা পিছিয়ে পড়েন। এছাড়া, কিছু ভুয়া কাস্টমারের কবলেও পড়েছিলেন। তবে, সিলভিয়া কখনোই হতাশ হননি। তার বিশ্বাস ছিল, জীবনযুদ্ধে যত বাঁধাই আসুক, তার লক্ষ্য থেকে সরে আসা যাবে না।
সিলভিয়া বিশ্বাস করেন, একজন সফল উদ্যোক্তার প্রধান গুণ হচ্ছে আত্মবিশ্বাস। তিনি তার প্রবল আত্মবিশ্বাসের মাধ্যমে কঠিন সময়েও সামনে এগিয়ে গেছেন।
আজকের তরুণ সমাজ অনেক মেধাবী, এবং তারা চাইলে নিজেদের প্রতিভা কাজে লাগিয়ে ভালো উদ্যোগ নিতে পারে। সিলভিয়া মনে করেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করা উচিত।
নবীন উদ্যোক্তাদের জন্য সিলভিয়ার পরামর্শ, উদ্যোক্তা হতে হলে নতুন আইডিয়া আবিষ্কার করতে হবে। পাশাপাশি পরিশ্রম ও ঝুঁকি গ্রহণের সাহস এবং একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা জরুরি। তাকে মনে রাখতে হবে, উদ্যোক্তা হওয়া মানে নতুন নতুন সুযোগের সন্ধান করা এবং এগুলোর উপর কাজ করা। ব্যবসার জনপ্রিয়তা বৃদ্ধির জন্য প্রচারণা ও কাস্টমার আকর্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বর্তমানে সিলভিয়া অনলাইনে তার ব্যবসা পরিচালনা করছেন। তবে তিনি শীঘ্রই ঢাকা এবং দেশের অন্যান্য শহরে শোরুম খুলে Pot Of Jewellery-কে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করার এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা করছেন।