দেশ

দেশ

পোরশায় বেড়েছে শীতের তীব্রতা, দেখা মিলছে না সূর্যের

নওগাঁ জেলার পোরশা এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। ঘন কুয়াশা না থাকলেও গত কয়েকদিন ধরে সূর্যের দেখা মিলছে না। রাত থেকে সকাল পর্যন্ত কনকনে শীত অনুভূত হচ্ছে। দিন দিন শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় নিম্ন আয়ের সাধারণ মানুষ বিপাকে পড়ছেন। পাশাপাশি, এই সময়টিতে চরম দুর্ভোগে পড়ছেন ছিন্নমূল মানুষরা।

সোমবার (৯ ডিসেম্বর) পোরশায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বদলগাছি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই তাপমাত্রা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তবে, সকালে কুয়াশার পরিমাণ কিছুটা কমে এসেছে।

এদিন সকালে পোরশা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে যে, শীত উপেক্ষা করেই অনেকেই প্রয়োজনীয় কাজের জন্য ঘর থেকে বের হয়েছেন।

ভ্যানচালক আফজাল বলেন, প্রতিদিন সকালে কাজের উদ্দেশ্যে বের হই, তবে কনকনে ঠান্ডার কারণে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে।

নোচনাহার বাজারের অটোচালক শাহজাহান বলেন, দিনে কিছুটা গরম থাকলেও রাত থেকে সকাল আটটা পর্যন্ত প্রচণ্ড ঠান্ডা অনুভূত হয়। এই সময়টাতে বাজারে লোকজন কম থাকে এবং কোনো প্যাসেঞ্জারও পাওয়া যায় না। ঠান্ডার কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না।

এছাড়াও, শীতের কারণে নিম্ন আয়ের মানুষসহ পশু-পাখিদেরও চরম দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিন যদি এই তীব্র শীত অব্যাহত থাকে, তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত