
নওগাঁ জেলার পোরশা উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাটি ঘটে সকাল ৮টার দিকে শিশা বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায়।
স্থানীয়রা জানান, পোরশা উপজেলার নিতপুর থেকে কিছু যাত্রী নিয়ে বাসটি নওগাঁ শহরের দিকে যাচ্ছিল। শিশা বাজারে পৌঁছানোর পর ঘন কুয়াশার কারণে চালক সামনে কিছুই দেখতে না পাওয়ায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একজন নিহত হন এবং একজন গুরুতর আহত হন।
নিহত ব্যক্তির নাম মোছাম্মদ রুবিয়া বেগম (৫৫)। তিনি আমদা গ্রামের মোহাম্মদ জিল্লুর রহমানের স্ত্রী।
পোরশা থানার অফিসার ইনচার্জ মো. শাহিন রেজা গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে পোরশা থানা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত না করেই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পোরশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারের প্রক্রিয়া চলছে, তবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।