অর্থ ও বাণিজ্য, লিড নিউজ

অর্থ ও বাণিজ্য, লিড নিউজ

ইলিশের দাম এবার এত বেশি কেন?

দাম কি কমবে? 

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশের মৌসুম শুরু হলেও দাম এখনও ভোক্তাদের নাগালের বাইরে। সাধারণত মৌসুমে দাম কিছুটা কমে আসে, কিন্তু এবার উল্টো প্রতিদিনই বাজারে ইলিশের মূল্য নতুন রেকর্ড গড়ছে।

বাজারে দাম কত? 
রাজধানীর কারওয়ান বাজারে এক কেজির ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০-২৬০০ টাকায়। ওজন একটু বেশি হলে কেজিপ্রতি দাম দাঁড়াচ্ছে ৩০০০ থেকে ৩৫০০ টাকা। এক কেজির কম ওজনের মাছও কেজিপ্রতি ২০০০ টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে।

পলাশী বাজারের বিক্রেতা প্রদীপ রাজবংশী জানালেন, এক কেজির ইলিশ গত সপ্তাহে কিনেছেন ২০০০ টাকায়, কিন্তু এ সপ্তাহে পাইকারি বাজার থেকেই কিনতে হচ্ছে ২২৫০-২৩0০ টাকায়। ফলে খুচরা বাজারে দাম আরও বাড়ছে, আর সেই কারণে বিক্রিও কমে যাচ্ছে।

চাঁদপুরের মতো বড় ঘাটেও একই পরিস্থিতি। চাঁদপুর বণিক সমিতির সভাপতি আবদুল বারী জমাদার জানান, এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়, আর দেড় কেজির মাছ প্রতি কেজি ৩ হাজার টাকার ওপরে।

দাম বাড়ার মূল কারণ 
সংশ্লিষ্টরা বলছেন, দাম বাড়ার পেছনে বড় কারণ হলো সরবরাহ কমে যাওয়া।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, আবহাওয়া বারবার প্রতিকূল হওয়ায় জেলেদের মাছ ধরতে সমস্যায় পড়তে হচ্ছে। নদীতে নাব্যতা কমে যাওয়া ও ডুবোচর তৈরি হওয়ায় ইলিশের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দূষণ, পলি জমা, জাটকা নিধন, কারেন্ট জালের ব্যবহার ইলিশের বিস্তারকে সীমিত করছে।

মাছ ধরার ব্যয়ও বেড়েছে। আগে বড় ট্রলার চালাতে খরচ হতো ৫০ হাজার থেকে ১ লাখ টাকা, এখন তা দাঁড়িয়েছে ৪-৫ লাখ টাকায়।

এছাড়া অনেক ভোক্তা ও ব্যবসায়ী বাজারে সিন্ডিকেটের অভিযোগ তুললেও বিক্রেতারা তা অস্বীকার করেছেন।

উৎপাদন কমছে 
মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে ৫ লাখ ৭১ হাজার মেট্রিক টন ইলিশ আহরণ হয়েছিল। কিন্তু ২০২৩-২৪ অর্থবছরে তা নেমে এসেছে ৫ লাখ ২৯ হাজার মেট্রিক টনে। অথচ চাহিদা কমেনি, বরং অনলাইন বিক্রয় বৃদ্ধির কারণে চাপ আরও বেড়েছে।

দাম কি কমবে? 
গবেষক মো. আনিছুর রহমান বলছেন, ইলিশ মৌসুমের আসল সময় সেপ্টেম্বর-অক্টোবর। বিশেষ করে পূর্ণিমার সময় আবহাওয়া অনুকূলে থাকলে প্রচুর ইলিশ ধরা পড়তে পারে।

চাঁদপুর বণিক সমিতির সভাপতি জানান, সরবরাহ বাড়লে দুই-তিন দিনের মধ্যেই দাম ৪০০-৫০০ টাকা পর্যন্ত কমে যায়।

মৎস্য অধিদপ্তরের ইলিশ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক ময়েদুজ্জামান আশা করছেন, সেপ্টেম্বর নাগাদ ঘাটে এক কেজির ইলিশ ১৮০০ টাকা পর্যন্ত নামতে পারে।

দীর্ঘমেয়াদি সমাধান? 
বিশেষজ্ঞরা মনে করছেন, ইলিশের আবাসস্থল রক্ষায় সমন্বিত উদ্যোগ ছাড়া দীর্ঘমেয়াদে সংকট কাটানো সম্ভব নয়। নাব্যতার সংকট মোকাবিলায় ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলোর ম্যাপিং শেষ হয়েছে এবং আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে ড্রেজিংয়ের বিষয়ে আলোচনা চলছে।

তবে জলবায়ু পরিবর্তন, দূষণ ও নিয়ম ভাঙা মাছ ধরার মতো সমস্যাগুলো সমাধান না হলে ইলিশের উৎপাদন ও দাম— দুটিই ভোক্তার নাগালের বাইরে থেকে যাবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত