রাজনীতি, লিড নিউজ

রাজনীতি, লিড নিউজ

নুরের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে গণঅধিকার পরিষদের বিক্ষোভ আজ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ শনিবার (৩০ আগস্ট) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। এর অংশ হিসেবে রাজধানী ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় সমাবেশের আয়োজন করা হয়েছে।

শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সাংবাদিকদের কাছে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি জানান, দুপুর ১২টায় দেশের সব জেলা শহরে বিক্ষোভ মিছিল হবে। আর বিকেলে ঢাকায় গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে প্রথম দফায় সংঘর্ষের পর রাত সাড়ে ৮টার দিকে ফের উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করলে নুরুল হক নুর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাশেদ খান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালেও এভাবে হামলার শিকার হতে হয়নি। এখন নুর আইসিউতে— এর জবাব অন্তর্বর্তী সরকারকে দিতে হবে। সেনাবাহিনীর সদস্যদের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তিনি সেনাপ্রধান ও প্রধান উপদেষ্টার কাছে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন। সতর্ক করে দিয়ে তিনি বলেন, এ সময়ের মধ্যে জবাব না পেলে এর দায় সরকারকেই নিতে হবে।

অন্যদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পরিস্থিতি ‘মব ভায়োলেন্সে’ রূপ নিলে তা ঠেকাতে বল প্রয়োগ করতে বাধ্য হয় সেনাসদস্যরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত