
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৫০০ জন। স্থানীয় সময় রোববার রাতে এই ভূমিকম্প আঘাত হানে। দেশটির সরকারি মালিকানাধীন বখতার নিউজ এজেন্সির বরাতে তথ্যটি জানিয়েছে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, একাধিক জেলায় হতাহতের ঘটনা ঘটেছে। সোমবার উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক শূন্য। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর একই এলাকায় আরও দুটি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫ দশমিক ২।
আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “দুঃখজনকভাবে গত রাতের ভূমিকম্পে আমাদের পূর্বাঞ্চলে প্রাণহানি ও সম্পদের ক্ষতি হয়েছে। স্থানীয় প্রশাসন ও বাসিন্দারা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।”
ইউএসজিএস একটি সতর্কতা জারি করেছে, যেখানে ভূমিকম্প-পরবর্তী অর্থনৈতিক ও মানবিক ক্ষয়ক্ষতির সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। এতে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।
এর আগে ২০২৩ সালের অক্টোবরে পশ্চিম আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সেটি সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে হওয়া সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি ছিল।