
নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (৩১ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোসাম্মাৎ নাবিলা ফেরদৌস, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান, কৃষি কর্মকর্তা মামুনুর রশিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে খোয়াড় ব্যবস্থাপনা, মাদক বিস্তার, চুরি ও ডাকাতির মতো বিষয়গুলো গুরুত্ব পায়। ইউএনও খোয়াড় নিয়ে বিভিন্ন অভিযোগের কথা উল্লেখ করেন এবং চেয়ারম্যানদের কাছে ব্যাখ্যা চান। তবে সন্তোষজনক জবাব না পাওয়ায় তিনি সকল চেয়ারম্যানকে খোয়াড়ের মূল্যতালিকা প্রণয়ন ও চেকের মাধ্যমে লেনদেন করার নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইউনিয়ন চেয়ারম্যানরা বলেন, বর্তমানে এলাকায় মাদক, দেশি মদ, ইয়াবা এবং অন্যান্য নেশাজাত দ্রব্য ছড়িয়ে পড়েছে। পাশাপাশি রাতে বিভিন্ন স্থানে গাছ ফেলে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে।
এ বিষয়ে ওসিকে জিজ্ঞাসা করলে তিনি জানান, জনবল সংকটের কারণে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সমস্যা হচ্ছে। তবে সবার সহযোগিতা পেলে এসব অপরাধ দমন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।