জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক : নির্বাচন নিয়ে আশ্বাস, নীল নকশার অভিযোগ

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে তিনটি রাজনৈতিক দল— বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আলাদা আলাতা বৈঠকে জাতীয় নির্বাচন, রাজনৈতিক প্রক্রিয়ার স্বচ্ছতা, নীল নকশার আশঙ্কা এবং জাতীয় পার্টির কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনে কোনো নীল নকশার সুযোগ নেই। এটি প্রধান উপদেষ্টার এখতিয়ার এবং জনগণও নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষায় আছে।’ একইসঙ্গে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনাকে ‘গর্হিত’ ও ‘উদ্বেগজনক’ আখ্যা দেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের দাবি তারা তুলেছেন। তার অভিযোগ, “গত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি। এমনকি তাদের পোস্টারে ‘আওয়ামী মনোনীত প্রার্থী’ লেখা ছিল।” এনসিপি বৈঠকে আরও দাবি তোলে— প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিতকরণ, নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন, গুম কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন, রাষ্ট্রীয় সংস্থার প্রভাব বন্ধ, ১০০ আসনে নারীদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ, নতুন ভোটার অন্তর্ভুক্তি এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন।

জামায়াতে ইসলামী নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘একটি দলের সঙ্গে বৈঠক করেই নির্বাচন ঘোষণা নজিরবিহীন ঘটনা, যা নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে।’ তার অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়াই তড়িঘড়ি করে নির্বাচনের দিকে যাওয়া হচ্ছে। জামায়াত আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর দাবি জানায়।

তিন দলের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, ‘নির্বাচনের বিকল্প নিয়ে ভাবা জাতির জন্য গভীর বিপজ্জনক।’ তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা হিসেবে আয়োজনের অঙ্গীকার করেছেন।

বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এ সময় জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট ড. আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুনির হায়দার প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে অবহিত করেন।

প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে দুর্গাপূজা ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সজাগ থাকার আহ্বান জানান। প্রেস সচিব আরও জানান, নুরুল হক নুরের চিকিৎসার জন্য বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং প্রয়োজন হলে তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্তও রয়েছে।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলেও নির্বাচন ঘিরে নীল নকশার বিতর্ক এবং জাতীয় পার্টির ভূমিকা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট হয়ে ওঠে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত