রাজনীতি, লিড নিউজ

রাজনীতি, লিড নিউজ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শুক্রবার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের অধিকার আদায়, দুঃখ-কষ্ট লাঘব, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন বিএনপির প্রধান লক্ষ্য।

তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার দিন। দলটি দেশের পূর্ণ স্বাধীনতা, শক্তিশালী সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার অঙ্গীকারে অবিচল।

এ উপলক্ষে ১৬ সদস্যের জাতীয় উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাত দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে “বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকাল ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়গুলোতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করবেন। দিনব্যাপী দেশব্যাপী জেলা ও মহানগরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

আগামীকাল ২ সেপ্টেম্বর রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে। ৩ সেপ্টেম্বর উপজেলা ও পৌরসভা পর্যায়ে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র, পোস্টার প্রকাশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া চলমান প্রেক্ষাপটে সমসাময়িক ইস্যু নিয়ে বিএনপির উদ্যোগে গোলটেবিল বৈঠকও অনুষ্ঠিত হবে।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত