
নবাগত চিত্রনায়িকা রাজ রিপা। গ্ল্যামার আর হাসি দিয়ে দর্শকের কাছে পরিচিত হলেও এবার সামাজিকমাধ্যমে তিনি প্রকাশ করলেন অভিমান ও হতাশার গল্প। পরিচালক ইফতেখার চৌধুরীর বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে রিপা জানালেন, খুব শিগগিরই মিডিয়া ছাড়বেন তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে রাজ রিপা লেখেন, ‘খুব দ্রুত সবাইকে ছেড়ে চলে যাব। এই ইন্ডাস্ট্রি আমার মতো বোকা মানুষের জন্য না। একা একা ৭ বছরের পথ পাড়ি দিয়েছি। ভালো–মন্দ সবকিছু দেখেই সিদ্ধান্ত নিলাম। আলহামদুলিল্লাহ, কারও সাথে বেঈমানি করিনি, কারও কাছ থেকে এক টাকা ঋণ নেই। বরং পরিচালক ইফতেখার চৌধুরীর কাছে আমার অনেক হিসাব বাকি আছে।’
‘মুক্তি’ সিনেমা ঘিরে তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। রিপার ভাষায়, চার বছর ধরে সিনেমাটি শেষ না হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, ‘আমার জায়গায় অন্য কেউ হলে হয়তো সুইসাইড করতো। স্পন্সর আনার দায়িত্ব পরিচালকের, কিন্তু আমিই চেষ্টা করেছি, ব্যর্থ হয়েছি। আমার ধৈর্য্যের সীমা শেষ।’
পরিচালকের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে তিনি বলেন, সিনেমার হার্ডডিস্ক নষ্ট করে ফেলার হুমকিও দিয়েছেন ইফতেখার চৌধুরী। এতে হতাশা আরও বেড়েছে রিপার। ‘আমাকে নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে তিনি শুধু নিজের আখের গুছিয়েছেন। আমি পাশে দাঁড়িয়েছিলাম, আর তিনি আমার সুন্দর সময়গুলো নষ্ট করেছেন।’
নিজের হতাশার কথা জানাতে গিয়ে তিনি লিখেছেন, ‘আজকের পর থেকে আর নয়। এই শহর, এই মানুষগুলোকেও আর চিনতে চাই না। সত্যিই এই ইন্ডাস্ট্রি আমার জন্য না।’
প্রসঙ্গত, রাজ রিপার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ময়না’ মুক্তি পেয়েছে গত ফেব্রুয়ারিতে। মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত সিনেমাটিতে এক মেয়ের সংগ্রামের গল্প তুলে ধরা হয়। রিপার সঙ্গে অভিনয় করেছেন আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।