
শোবিজ ইন্ডাস্ট্রি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন চিত্রনায়িকা রাজ রিপা। শুধু চলচ্চিত্র নয়, ইট-কাঠের শহর ছেড়ে যাওয়ার কথাও জানিয়েছেন তিনি। নির্মাতা ইফতেখার চৌধুরীর সঙ্গে নানা কারণে বিরোধের প্রেক্ষাপটে এই ক্ষোভের কথা ফেসবুকে প্রকাশিত হয়েছে বহুবার এবং তৈরি করেছে বিতর্কও।
রাজ রিপার এই অভিমানের বিষয়টি এবার সামনে এনেছেন সহকর্মী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে বর্ষা লিখেছেন, ‘স্বপ্ন মাটি চাপা দিবা দাও, কিন্তু এমন স্বপ্ন মাটি চাপা দিও না— যে স্বপ্ন জেগে আছে, কিন্তু ধরা-ছোঁয়ার বাইরে। তোমার জীবনের সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। যার কেউ নেই, তার জন্য আল্লাহ আছেন। তোমার মতো কেউ কেউ এমন কঠিন জীবন যাপন করছে এই মিডিয়ায় তা তুমি-আমি ভালো করে জানি।’
বর্ষা আরও যোগ করেন, ‘ভালো মন, নরম মনের মেয়েদের জন্য এই রঙিন জীবন নয়, রিপা! চামড়া শক্ত, শতশত নেতিবাচক মন্তব্যকে পাত্তা দেয় না— তারাই এই দুনিয়ায় টিকে থাকে। নামাজ পড়, আল্লাহর কাছে শান্তি চাও।’
রিপার চলমান ‘মুক্তি’ সিনেমার প্রসঙ্গও উল্লেখ করেন বর্ষা। তিনি বলেন, ‘আমি নিজেও গিয়েছিলাম ‘মুক্তি’ সিনেমার মহরতে। অবাক হই—এখনও কেন শুটিং শেষ হয়নি? মনে আছে, ২০২০ সালের শেষের দিকে মহরত হয়েছিল। নতুন শুরু করো, নতুন স্বপ্ন দেখো। হেরে যাওয়া কোনো সমাধান নয়।’
রাজ রিপার উদ্দেশে বর্ষা আরও পরামর্শ দেন, ‘বয়স তো এখনও কম, সামনে অনেক সময় রয়েছে। নিজেকে নতুন করে সাজাও। তুমি ব্যর্থ নও, ব্যর্থ সেই যে তাঁর ওয়াদা রাখতে পারেনি।’