
সরকারি বিধি অনুযায়ী সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার কথা থাকলেও নওগাঁর পোরশা উপজেলার গাঙ্গুরিয়া ইউনিয়নের কাদিপুর উচ্চ বিদ্যালয় চলছে দুপুর ১টা পর্যন্ত— এমন অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
অভিযোগের ভিত্তিতে জানা গেছে, জেলার অন্যান্য বিদ্যালয় যেখানে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম পরিচালনা করছে, সেখানে কাদিপুর উচ্চ বিদ্যালয় সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চালু রাখা হচ্ছে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন, ‘প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরেই বিধি বহির্ভূতভাবে বিদ্যালয় পরিচালনা করছেন। অতীতেও পকেট কমিটি তৈরি, নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম করেছেন তিনি।’
বিদ্যালয়ের সময়সূচি নিয়ে প্রশ্ন করা হলে প্রধান শিক্ষক সঠিক উত্তর দেননি বলে অভিযোগ উঠেছে। তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি, ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কনক রায় জানান, নওগাঁ জেলা শিক্ষা অফিসার স্বাক্ষরিত ২২ আগস্ট ২০২৫ তারিখের এক বিজ্ঞপ্তি অনুযায়ী সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলার প্রায় সব শিক্ষাপ্রতিষ্ঠান ওই নিয়ম মেনে চললেও কাদিপুর উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠান এখনো নির্দেশ অমান্য করছে।
প্রধান শিক্ষকের এ ধরনের কর্মকাণ্ডে এলাকাবাসীর মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।