জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে ৭ দলের বৈঠক, পিআরসহ নানা বিষয়ে আলোচনা

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে অংশ নেয় এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বৈঠক শেষে সাংবাদিকদের গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, সাংবিধানিক মৌলিক পরিবর্তন এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলনের জন্য একটি গণপরিষদের নির্বাচন প্রয়োজন। তার ভাষায়, ‘গণভোট বা অন্য যেকোনো উদ্যোগ শেষ পর্যন্ত সংসদের মাধ্যমে অনুমোদন করতে হবে। সুতরাং একটি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনই প্রকৃত সমাধান।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগসহ যেকোনো দলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা বিচারিক প্রক্রিয়ায় সম্পন্ন করতে হবে।

হেফাজতে ইসলাম বৈঠকে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের পক্ষ থেকে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি নিয়ে গণভোটের দাবি তোলে। তবে এলডিপির নেতারা জানান, পিআর বাংলাদেশের কাছে অপরিচিত এবং এটি কোনো সফল পদ্ধতি নয়।

এর আগে গত রোববার প্রধান উপদেষ্টা বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি বলেন, ‘নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। বিকল্প কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে তা জাতির জন্য বিপদজনক হবে।’

ধারাবাহিক এই বৈঠকগুলোকে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত