
রাজশাহীর বাঘায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ নয়ন হোসেন (১৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। আটক নয়ন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলা বাজার এলাকার ডিগ্রীর চর গ্রামের মামুন মণ্ডলের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সকাল থেকে রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এ সময় ভ্যানে করে চারঘাট যাচ্ছিল নয়ন। সন্দেহ হলে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে ফ্রিজে রাখা মাছের ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে। পরে পালানোর চেষ্টা করলে নয়নকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, পুলিশ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন তল্লাশি করছিল। ওই সময় যুবকের ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই এ ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানান।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম. আসাদুজ্জামান বলেন, ‘অস্ত্র আইনে মামলা হবে। আটক আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হবে।’