
‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ চূড়ান্তকরণ এবং বাস্তবায়নের উপায় বিবেচনা করতে জাতীয় ঐকমত্য কমিশনের এক সভা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনস্থ কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানায়, বৈঠকে সনদটির চূড়ান্ত করার প্রক্রিয়া এবং তা বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগের দিন শুরু হওয়া আলোচনার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামত ও পরামর্শ বিশ্লেষণ করা হয়।
সভায় সনদের ভাষাগত যথার্থতাও পুনর্মূল্যায়ন করা হয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এ ছাড়া, রাজনৈতিক দলগুলোর মতামত পর্যালোচনার ভিত্তিতে আগামী সপ্তাহেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। এরপর চূড়ান্তকৃত সনদ ও বাস্তবায়ন-সংক্রান্ত সুপারিশ একসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে।
আজকের সভায় সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সভায় আরও উপস্থিত ছিলেন কমিশন সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন ও ড. মো. আইয়ুব মিয়া এবং ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।