
নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি স্কুল মাঠে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) আলহাজ মুফতি মোস্তফা কামাল এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতি শেখ নুরুন্নবী। এছাড়াও জেলা, থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সম্মেলনের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা আব্দুল হক শাহ চৌধুরী, যিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের এমপি পদপ্রার্থী।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য ইসলামী শাসনতন্ত্র কায়েম করা। তারা অভিযোগ করেন, অতীতে ক্ষমতায় থাকা রাজনৈতিক শক্তিগুলো জনগণকে প্রতিশ্রুতি দিয়ে নিজস্ব স্বার্থসিদ্ধি করেছে, অথচ সাধারণ মানুষ সুফল পায়নি। দেশে খুন, নির্যাতন, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ বেড়েছে। বক্তাদের দাবি, জনগণ হাতপাখা প্রতীকে ভোট দিলে ইসলামী সংবিধান প্রণয়ন করে ইসলামভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে, যাতে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।