জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

সন্ত্রাসীদের কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এদেশে সন্ত্রাসীদের কোনো স্থান হবে না।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের গজারিয়া থানাধীন গুয়াগাছিয়ার অস্থায়ী পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি জানান, আলোচিত নৌডাকাত নয়ন ও পিয়াস পাশ্ববর্তী দেশে পালিয়েছে। ফিরে এলে তাদের স্থান হবে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে। এ সময় তিনি আশ্বস্ত করেন, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল আরও জোরদার করা হবে, বিশেষ করে নদীপথে। অবৈধ অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা ইতোমধ্যেই দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।

গুয়াগাছিয়ার পুলিশ ক্যাম্প প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। ক্যাম্পটিকে স্থায়ী করার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাইল ইতোমধ্যে সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

কৃষি খাতের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি আলুর দাম নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, ‘চাষীরা যাতে ন্যায্য দাম পান, সেজন্য হিমাগারের আলুর দাম ২২ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে খুচরা বাজার নিয়ন্ত্রণ করা কঠিন। প্রয়োজনে সরকারিভাবে ৫০ হাজার টনের বেশি আলু ক্রয় করা হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।

সর্বশেষ সর্বাধিক পঠিত