লিড নিউজ, শিক্ষা

লিড নিউজ, শিক্ষা

ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পুনঃভোটের দাবি বাকেরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ব্যাপক কারচুপির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদার। তিনি নির্বাচন বাতিল করে পুনঃভোটের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। আবু বাকের মজুমদার অভিযোগ করেন, ভোটের দিন সকাল থেকেই তাদের প্রতিনিধিদের বিভিন্ন হল থেকে বের করে দেওয়া হয়। শিক্ষার্থীরা নির্ভয়ে ভোট দিতে পারেননি। কেন্দ্র দখল, জালভোট ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

তার অভিযোগ, নির্বাচন কমিশনের গাফিলতি ও পক্ষপাতমূলক আচরণের কারণেই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। তিনি বলেন, ‘আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রত্যাশায়। কিন্তু যেভাবে আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হলো, তাতে প্রমাণ হয় এ নির্বাচন ছিল পরিকল্পিত কারচুপির অংশ।’

তিনি দাবি করেন, তার পক্ষে থাকা অনেক শিক্ষার্থী ভোট দিতে পারেননি। বিভিন্ন হলে ঢুকে ব্যালট বাক্স ভরাট করা হয়েছে। অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি।

আবু বাকের মজুমদার ঘোষণা দেন, ‘এ নির্বাচন বাতিল করে পুনঃভোট দিতে হবে। অন্যথায় আমরা আইনি ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ চালিয়ে যাব।’

সংবাদ সম্মেলনে তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য প্রার্থী ও সমর্থক শিক্ষার্থীরা। তারা একযোগে দাবি করেন, শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত না করে ডাকসুর মতো ঐতিহ্যবাহী নির্বাচনের কোনো গ্রহণযোগ্যতা থাকতে পারে না।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, শান্তিপূর্ণ পরিবেশেই ভোট সম্পন্ন হচ্ছে। তবে এরই মধ্যে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল।

সর্বশেষ সর্বাধিক পঠিত