লিড নিউজ, শিক্ষা

লিড নিউজ, শিক্ষা

ডাকসু নির্বাচনে চলছে ভোট গ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৮টায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আটটি নির্ধারিত স্থানে চলছে ভোট কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, নির্ধারিত সময়ের আগেই ভোটকেন্দ্রে ভিড় করছেন ভোটার শিক্ষার্থীরা। ভোট শুরুর আগে রিটার্নিং অফিসাররা মিডিয়ার সামনে ব্যালট বক্স সিলগালা করেন।

ভোট শুরুর পরপরই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সহ-সভাপতি প্রার্থী সাদিক কায়েম এবং ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী তানভীর বারী হামিম ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দেন।

ভোট দিয়ে বের হয়ে শিক্ষার্থী সুমন হক বলেন, এই প্রথম তিনি জীবনের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। তার ভাষায়, “নিজের ইচ্ছেমতো ভোট দিতে পারাটা আমার অধিকার। ফ্যাসিজমের পতনের পর এমন পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে।”

আরেক শিক্ষার্থী আলফাজ হোসেন জানান, “আমি আগেই ভোটার হয়েছি, কিন্তু আমার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ কখনো পাইনি। এবার প্রথমবার স্বাধীনভাবে ভোট দিতে পেরেছি, কেউ কোনো চাপ সৃষ্টি করেনি। ডাকসুতে ভোটাধিকার প্রয়োগ করতে পারব—এটা ভাবতেও পারিনি।”

শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষার্থীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিষয়:
সর্বশেষ সর্বাধিক পঠিত