
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে গর্ভবতী গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কসাই রিয়াজুল শেখের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে নামাজ গ্রাম এলাকার ফরমাল শেখের ছেলে রিয়াজুল একটি গাভী জবাই করেন। পরে দেখা যায়, গরুটির গর্ভে একটি বাছুর ছিল। বিষয়টি গোপন করতে রিয়াজুল তার সহযোগী রাজুকে দিয়ে পাশেই একটি গর্ত খুঁড়ে বাছুরটি পুঁতে রাখেন। স্থানীয়রা সন্দেহ হলে রাজুকে চাপ দিলে প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করেন। গর্ত থেকে বাছুরটি তোলার পর মুহূর্তেই বাজারজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, রিয়াজুল এর আগেও অসুস্থ, পা ভাঙা এমনকি মৃত গরুর মাংস বাজারে বিক্রি করেছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এতদিন ধরা-ছোঁয়ার বাইরে ছিলেন তিনি।
ঘটনার পর বাজারে ভিড় জমে যায়। ক্ষুব্ধ জনতা দ্রুত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ কর্মকর্তাদের দাবি জানান। তারা বলেন, গরুর মাংস চার ভাগে ভাগ করা হয়— এর মধ্যে তিনভাগ বিক্রি হয়ে যায়। পরে বিষয়টি ফাঁস হলে উত্তেজনা সৃষ্টি হয়।
অভিযোগ অস্বীকার করে রিয়াজুল দাবি করেন, তিনি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। তিনি বলেন, “আমি আওয়ামী লীগ সমর্থন করি। সে কারণেই আমাকে ফাঁসানো হচ্ছে। ইউনিয়ন গ্রাম পুলিশ ও ডাক্তার গরুটি পরীক্ষা করে সিল দিয়েছিলেন।”
খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি বলেন, “আমরা গিয়ে দেখি বাজারে ভাঙচুর হয়েছে এবং মাংস পড়ে আছে। পরে সেগুলো মাটিতে পুঁতে রাখা হয়। বাজার কমিটির পক্ষ থেকে মামলা হবে। মামলা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।”
বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান মতির সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।