
রবিবার বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। হঠাৎ কেঁপে ওঠায় অনেকেই আতঙ্কে ঘর ও অফিস থেকে বাইরে বের হয়ে আসেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের উদালগুরি জেলা। বিকেল ৪টা ৪১ মিনিট ৫২ সেকেন্ডে ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়।
ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মিয়ানমার, ভূটান ও চীনে অনুভূত হয়েছে বলে পর্যবেক্ষণ সংস্থাগুলো জানিয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক হুমায়ুন আকতার জানিয়েছেন, ইউরোশিয়া ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থলে এই কম্পন সৃষ্টি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেলেও বাংলাদেশি বিশেষজ্ঞরা জানিয়েছেন এর মাত্রা ছিল ৫ দশমিক ৯। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে ৫.৮, আর যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে বলেছে ৫.৫।