বিদেশ, লিড নিউজ

বিদেশ, লিড নিউজ

নেপালে ৬ মাসের মধ্যে নির্বাচনের প্রতিশ্রুতি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির

নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। দায়িত্ব গ্রহণের পরই তিনি ঘোষণা দিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে সব দলকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা হবে।

রবিবার কাটমান্ডু পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি বলেন, তার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য নয়, বরং শান্তিপূর্ণভাবে নতুন সংসদের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য কাজ করবে। তিনি বলেন, আন্দোলনে নিহতদের ‘শহীদ’ ঘোষণা করা হবে এবং প্রতিটি পরিবারকে দেওয়া হবে ১০ লাখ নেপালি রুপি ক্ষতিপূরণ। আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দেন তিনি।

সাম্প্রতিক সহিংস বিক্ষোভ নিয়ে কার্কি জানান, মাত্র ২৭ ঘণ্টায় নেপালে যে পরিবর্তন এসেছে, তা অভূতপূর্ব। তিনি বিক্ষোভে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্র উল্লেখ করে বলেন, এসব ঘটনার তদন্ত হবে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

কার্কি স্বীকার করেন, নেপাল বর্তমানে বড় অর্থনৈতিক সংকটে আছে। তার সরকারের অগ্রাধিকার হবে অর্থনৈতিক পুনর্গঠন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা।

দ্য হিমালয়ান টাইমস জানিয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৯ জন বিক্ষোভকারী, ১০ জন কারাবন্দি এবং তিনজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

এদিকে নেপালের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাটমান্ডুতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, শান্তি ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় নেপালের উদ্যোগকে তারা সমর্থন জানায়। যুক্তরাষ্ট্র নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানিয়েছে। বিবৃতিতে সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের ভূমিকার প্রশংসা করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত
    গত ৭ দিনের কোনো জনপ্রিয় খবর পাওয়া যায় নি।