দেশ, লিড নিউজ

দেশ, লিড নিউজ

ফরিদপুর-৪ আসনের সীমানা নিয়ে ইসিতে ডিসির চিঠি, যৌথবাহিনীর টহল

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্যা। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ে পাঠানো এক চিঠিতে তিনি বিষয়টিকে ‘জনগণের আন্দোলন’ হিসেবে উল্লেখ করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।

ডিসির চিঠিতে বলা হয়, ৪ আগস্ট ইসির প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। এতে দুই ইউনিয়নের মানুষ ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভে নামেন। ক্রমে পরিস্থিতির অবনতি ঘটে। ১৫ সেপ্টেম্বর তারা উপজেলা পরিষদ কার্যালয়, ইউএনও কার্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব, হাইওয়ে থানা ও পৌরসভায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। সড়ক ও রেলপথ অবরোধ করে দক্ষিণবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

চিঠিতে আরও বলা হয়, আলগী ও হামিরদী ইউনিয়নের মানুষ এ সিদ্ধান্ত মেনে নেয়নি। ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের সাধারণ জনগণও আন্দোলনে যুক্ত হয়েছে। পুনর্বিবেচনা না করা হলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের মধ্যে পুনরায় আলগী ও হামিরদী ইউনিয়ন অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে।

ডিসি কামরুল হাসান মোল্যা সোমবার রাতে ভাঙ্গা থানায় পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে জনগণের আবেগ-অনুভূতি তুলে ধরে রিপোর্ট পাঠিয়েছি। তারা বিষয়টি বিবেচনা করবেন। যেহেতু ইউনিয়ন দুটি কেটে নেওয়ার বিষয়ে হাইকোর্টে রিট হয়েছে, ২১ সেপ্টেম্বর শুনানি হবে। তখন বোঝা যাবে বিষয়টি কোনদিকে যাচ্ছে।’

তিনি ভাঙ্গার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের সুনাম আছে। ২১ তারিখে আদালতের শুনানির জন্য অপেক্ষা করুন। জনগণের কষ্ট যেন না হয়, সে জন্য কর্মসূচি থেকে বিরত থাকাই শ্রেয়।’

উল্লেখ্য, ফরিদপুর-৪ আসনের আওতাধীন ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে চলমান আন্দোলনের সপ্তম দিনে সড়ক অবরোধের কোনো কর্মসূচি চোখে পড়েনি। তবে আন্দোলনকারীরা অনুপস্থিত থাকলেও সড়কে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী ও বিজিবির সদস্যদের টহল জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গার বিভিন্ন মহাসড়ক ঘুরে দেখা যায়, যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। তবে আগের তুলনায় গাড়ির সংখ্যা কিছুটা কম।

এর আগে সোমবার আন্দোলনকারীরা ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ, হাইওয়ে থানা ও বিভিন্ন সরকারি দপ্তরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়।

সর্বশেষ সর্বাধিক পঠিত