ধর্ম, লিড নিউজ

ধর্ম, লিড নিউজ

শুভ মহালয়া আজ

বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের সূচনা ঘটছে আজ মহালয়ার মধ্য দিয়ে। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হয়েছে। চণ্ডীপাঠের মাধ্যমে আজ মর্ত্যে দেবী দুর্গাকে আহ্বান জানানো হচ্ছে।

মহালয়া উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ ও আশ্রমে ঘট স্থাপন, চণ্ডীপাঠ ও বিশেষ পূজার আয়োজন করা হয়েছে। রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, বরদেশ্বরী কালীমাতা মন্দির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল, সিদ্ধেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির, স্বামীবাগ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, রামসীতা মন্দির, জয়কালী মন্দিরসহ বিভিন্ন স্থানে ভোর থেকেই পূজা-পার্বণের আবহ তৈরি হয়।

পুরাণে বর্ণিত আছে, দুর্গোৎসবের তিনটি প্রধান পর্ব— মহালয়া, বোধন ও সন্ধিপূজা। মহালয়ার দিন দেবী দুর্গা মহিষাসুর বধের দায়িত্ব পান। দেবতাদের সম্মিলিত শক্তিতে মহামায়া রূপে সৃষ্ট এই নারীশক্তি নয় দিনব্যাপী যুদ্ধে মহিষাসুরকে পরাজিত ও বিনাশ করেন। তাই মহালয়া শুধু দেবীপক্ষের সূচনাই নয়, অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির জয়ের বার্তাও বহন করে।

মহালয়ার ভোরে সনাতন ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করেন। বিশ্বাস করা হয়, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা মর্ত্যে আগমন করেন এবং এই দিনে তাঁদের উদ্দেশে জল, তিল ও অন্ন নিবেদন করলে তাঁদের আত্মার শান্তি ও মঙ্গল হয়।

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে আজকের এই মহালয়ার দিন থেকেই পূজার আগমনধ্বনি শোনা যাচ্ছে সর্বত্র। ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মহালয়াকে ঘিরে ভক্তিমুখর পরিবেশ বিরাজ করছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত