দেশ, লিড নিউজ

দেশ, লিড নিউজ

রাজধানীতে অঝোরে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি চরমে

রাজধানী ঢাকায় রবিবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টি সোমবার সকালেও অব্যাহত রয়েছে। সকাল পৌনে ছয়টা থেকে প্রায় এক ঘণ্টা মুষলধারে বৃষ্টি নামার পর শহরের বেশির ভাগ সড়কেই জমেছে হাঁটু থেকে কোমরসমান পানি। এতে অফিসগামী ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, নিউমার্কেট, আসাদগেট, জিগাতলা, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে জলাবদ্ধতা দেখা দেয়। পশ্চিম তেজতুরী বাজারে রিকশার পাদানি পর্যন্ত পানি উঠতে দেখা গেছে। শেওড়াপাড়া, মগবাজার, মতিঝিল, কাকরাইল, রাজারবাগসহ বিভিন্ন এলাকায় কোমরসমান পানিতে আটকে গেছে যানবাহন। অনেক স্থানে অটোরিকশা বিকল হয়ে পড়েছে।

কর্মজীবী ও সাধারণ মানুষ জানান, বৃষ্টির কারণে রাস্তায় গণপরিবহন চলাচল ব্যাহত হয়েছে। ফলে রিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় ভাড়া বেড়েছে কয়েকগুণ। স্কুলগামী শিশুদের অনেককে কোলে নিয়ে হাঁটুপানি পেরিয়ে যেতে হয়েছে অভিভাবকদের।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ররিবার রাত ১২টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ৩৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যার প্রভাব ইতোমধ্যেই শুরু হয়েছে। আগামী কয়েক দিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত কয়েক দিনের ভ্যাপসা গরমের পর হঠাৎ করে এ বৃষ্টি কিছুটা স্বস্তি আনলেও জলাবদ্ধতা ও যানজটে নাকাল নগরবাসী। সারাদিন থেমে থেমে বৃষ্টি চলতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত