জাতীয়, লিড নিউজ

জাতীয়, লিড নিউজ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৮ নভেম্বর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধন সম্পন্ন করে তাদের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। এ লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং সেগুলোর নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করেছে ইসি।

তালিকা প্রণয়নের অংশ হিসেবে মাঠ পর্যায়ের রেজিস্ট্রেশন অফিসারদের সিএমএস পোর্টালে লিংক পাঠানোর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ অক্টোবর। ১ নভেম্বর মুদ্রিত আকারে হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ নভেম্বর পর্যন্ত দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন জমা নেওয়া হবে এবং ১৭ নভেম্বরের মধ্যে এসব আবেদন নিষ্পত্তি করা হবে। এরপর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

এর আগে গত ৩১ আগস্ট সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তাতে দেখা যায়, দেশের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সে সময় জানিয়েছিলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাও নতুন ভোটার তালিকায় যুক্ত হবেন। সে অনুযায়ী চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ১৮ নভেম্বর।

সর্বশেষ সর্বাধিক পঠিত