
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ রোববার সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষাবিদের সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আশাদুল হক জানান, সংলাপ দুই পর্বে অনুষ্ঠিত হবে। সকালে সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ইসি জানিয়েছে, সংলাপ অনুষ্ঠানটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ও অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হবে।
এর আগে ২৩ সেপ্টেম্বর ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ধারাবাহিক সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে। সুশীল সমাজ, শিক্ষাবিদদের পাশাপাশি নারী সমাজের প্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ এবং মুক্তিযোদ্ধাদের সঙ্গেও সংলাপ হবে।
ইসি ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী, নিবন্ধিত রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিক, পর্যবেক্ষক সংস্থা, নির্বাচন বিশেষজ্ঞ ও আহত মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংলাপ সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছে। কমিশন আশা করছে এক থেকে দেড় মাসের মধ্যে এ সংলাপ প্রক্রিয়া শেষ করা যাবে।