খেলা, লিড নিউজ

খেলা, লিড নিউজ

আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে দাপট দেখাল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ১২ বল বাকি থাকতেই ৬ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়ে আফগানদের ধবলধোলাই করল জাকের আলীর নেতৃত্বাধীন দল। ফলে সিরিজটি ৩–০ ব্যবধানে নিজেদের করে নিল লাল–সবুজের প্রতিনিধিরা।

রবিবার রাতে শারজায় টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন তানজিম হাসান, নাসুম আহমেদ ও সাইফউদ্দিনরা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে আফগানিস্তান তোলে ১৪৩ রান। বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম ও তানজিম শিকার করেন ২টি করে উইকেট।

১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে এক উইকেট হারালেও ইনিংসের হাল ধরেন সাইফ হাসান ও তানজিদ হাসান। সাইফ খেলেন ৩৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস, যাতে ছিল দুটি চার ও সাতটি ছক্কা। তাঁর ব্যাটে ভর করেই ১৮ ওভার শেষ হওয়ার আগেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচের শেষ পর্যায়ে নুরুল হাসান মারেন ছক্কা, যা দিয়ে সিরিজজয়ের আনন্দে মেতে ওঠে পুরো দল।

এই জয়ের মধ্য দিয়ে ২০১৮ সালে দেরাদুনে আফগানদের কাছে ৩–০ ব্যবধানে পরাজয়ের প্রতিশোধও নিল বাংলাদেশ। একই সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ‘বাংলাওয়াশ’ করল লাল=সবুজের দল।

বাংলাদেশের এমন ধারাবাহিক সাফল্যে উজ্জীবিত সমর্থকরা আশাবাদী, জাকের আলীর নেতৃত্বে এই দল সামনের দিনগুলোতেও টি-টোয়েন্টিতে নতুন দিগন্ত খুলে দেবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত