
দাম বাড়ানোর একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। আগামীকাল শুক্রবার (২১ নভেম্বর) থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সে কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য তালিকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া সোনা বিক্রির ক্ষেত্রে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
নতুন দাম অনুযায়ী দেশে এখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম পড়বে ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হবে ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত মোট ৮০ বার সোনার দামে সমন্বয় করেছে বাজুস—যার মধ্যে ৫৪ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ২৬ বার। গত বছর এই সংখ্যা ছিল মোট ৬২ বার, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।