
রাজধানীর মহাখালী এলাকায় কড়াইল বস্তিতে লাগা আগুন ৫ ঘণ্টা পরে নিয়ন্ত্রণে আসেনি। মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করেছে।
এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পান ফায়ার সার্ভিস। আগুন লাগার প্রায় ৪৫ মিনিট পর ফায়ার সার্ভিস পৌঁছাতে সক্ষম হয়।
তাদের সঙ্গে যুক্ত হন স্থানীয় বাসিন্দারাও। তবে পাইপ কেটে যাওয়া এবং পানির কিছুটা সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের।
ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, আগুন নির্বাপণে সর্বোচ্চ কাজ করছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছালেও কিছু সময় পর শেষ হতে থাকে গাড়িতে থাকা পানি। পরে বিকল্প পানির উৎস খুঁজে পান ফায়ার ফাইটাররা। বস্তির ঝিলপাড় খালে জেনারেটর বসিয়ে সেখান থেকে পানির পাইপ টেনে নিয়ে যাওয়া হয় আগুনের উৎপত্তিস্থলে।
কড়াইল বস্তি সরেজমিনে ঘুরে ও বস্তিবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আগুন লাগার সময় বস্তিতে মানুষ ছিল কম। বস্তির কর্মজীবী মানুষ ছিল সবাই বাইরে। আগুনের খবর পেয়ে অনেকেই ছুটে আসেন বস্তিতে। যে যেভাবে পেরেছেন ঘরের সম্বলটুকু বের করে এনেছেন। আবার কেউ কেউ ঘরেই যেতে পারেননি আগুনের তীব্রতার কারণে।
আরও পড়ুন : কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার ফাইটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বস্তির রাস্তা অনেক সরু হওয়ায় প্রথমে গাড়ি ঢুকতে বেগ পেতে হয়। এরপর গাড়ি প্রবেশ করেলে ছিল পানির স্বল্পতা। বিকল্প হিসেবে খাল থেকে পানি তুলে আগুন নেভাতে ব্যবহার করা হচ্ছে।
পুরো বস্তিজুড়ে আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।