
দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নের প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের উদ্দেশ্যে এবার প্রথমবারের মতো সম্পূর্ণ ম্যানুয়াল লটারির মাধ্যমে ৬৪ জেলায় এসপি নিয়োগ চূড়ান্ত করেছে সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় অনুষ্ঠিত এই লটারিতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। লটারির আগে কয়েক দফা যাচাই–বাছাই শেষে পুলিশ ক্যাডারের ২৫তম, ২৬তম ও ২৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে একটি ‘ফিট লিস্ট’ তৈরি করা হয়। যারা পূর্বে জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের তালিকার বাইরে রাখা হয়। শেষ পর্যন্ত ওই ফিট লিস্ট থেকেই লটারির মাধ্যমে ৬৪ জন কর্মকর্তাকে নির্বাচিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন এসপিদের দায়িত্ব নিয়েই সংশ্লিষ্ট জেলায় নির্বাচন-সংক্রান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ শুরু করবেন তারা। নির্বাচনকেন্দ্রিক পরিস্থিতিতে এই লটারি পদ্ধতিকে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ইতিহাসে অন্যতম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।