বিদেশ, লিড নিউজ

বিদেশ, লিড নিউজ

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ৪৪

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। চলতি সপ্তাহে দেশটিতে কমপক্ষে ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন এবং নিখোঁজ রয়েছেন ২১ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের (ডিএমসি) বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

ডিএমসি জানায়, মৃতদের বেশিরভাগই মধ্যাঞ্চলের বদুল্লা জেলার চা-বাগান এলাকার বাসিন্দা। বুধবার গভীর রাতে পাহাড়ি ঢাল ভেঙে কয়েকটি বাড়ির ওপর ধসে পড়ে— এতে ২১ জন চাপা পড়ে নিহত হন। নুয়ারা এলিয়া জেলায় একইভাবে মাটি চাপা পড়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য এলাকাতেও বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনা ঘটেছে।

সংস্থাটি জানিয়েছে, ভূমিধসে এখন পর্যন্ত ৪২৫টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ১ হাজার ৮০০ পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কাজুড়ে নদীর পানি বৃদ্ধি পেতে থাকায় নিম্নাঞ্চলের মানুষের প্রতি সতর্কতা জারি করা হয়েছে এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটিতে বর্তমানে উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর সময় চলছে। তবে পূর্বাঞ্চলে অবস্থানরত একটি নিম্নচাপের কারণে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় আরও তীব্র হয়েছে বলে জানিয়েছে ডিএমসি।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসের ঘটনা আরও ঘন ঘন ঘটতে পারে।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৩ সালের জুনে দেশটি স্মরণকালের ভয়াবহ বন্যার মুখে পড়ে, যাতে ২৫৪ জনের প্রাণহানি ঘটে।

সর্বশেষ সর্বাধিক পঠিত